নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপনকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এলাকায় র্যাব-১১-এর সদর কোম্পানি এবং র্যাব-১৫-এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। র্যাব-১১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারকৃত গিট্টু রিপনের বাবার নাম হারুন এবং তার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর দাতা সড়ক এলাকায়।
র্যাবের তথ্য অনুযায়ী, গিট্টু রিপন মাসদাইর ও ফতুল্লা এলাকায় কুখ্যাত কিলার জাহিদ বাহিনীর অন্যতম প্রধান শুটার ও সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে কন্ট্রাক্ট কিলিং, হত্যাকাণ্ডসহ মাসদাইর, বোয়ালিয়া খাল ও গুদারাঘাট এলাকায় ফেনসিডিল, ইয়াবা ও গাঁজার পাইকারি ও খুচরা মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। এছাড়া অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টির জন্যও তিনি অভিযুক্ত।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৫ মে মাসদাইরের বোয়ালিয়া খাল এলাকায় জাহিদ ও গিট্টু রিপনের মাদকের আস্তানার বিষয়ে তথ্য সংগ্রহের জন্য র্যাব-১১-এর একটি গোয়েন্দা দল সেখানে যায়। এ সময় গিট্টু রিপন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত সশস্ত্র হামলা চালায়, যাতে র্যাবের তিনজন সদস্য গুরুতর আহত হন।
র্যাব জানায়, গিট্টু রিপনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, পুলিশের ওপর হামলা, চাঁদাবাজি ও মাদক চোরাচালানসহ এক ডজনেরও বেশি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে সংস্থাটি দাবি করেছে। বর্তমানে গ্রেপ্তারকৃত গিট্টু রিপনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।





