গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, ক্ষয়ক্ষতি ব্যাপক

প্রকাশ:

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে দেওলিয়া বাড়ি এলাকার ক্লাব মোড়ে অবস্থিত ওই গোডাউনে আগুনের সূত্রপাত হয়। গোডাউনের ভেতর থেকে কালো ধোঁয়া নির্গত হতে দেখে স্থানীয় বাসিন্দা ও কর্মচারীরা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু দ্রুতই তা ভয়াবহ আকার ধারণ করে।

খবর পাওয়ার পর কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সকাল ৯টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানিয়েছেন, পাঁচটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

শেয়ার করুন