নৈতিক স্খলনের দায়ে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলাম

প্রকাশ:

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানিয়েছেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তাঁর নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে দলটি।

গত সোমবার রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাঁকে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পরপরই অনেক নেতা-কর্মী এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির কারসাজি বলে দাবি করেন। তবে গত মঙ্গলবার দুপুরে গাজী নজরুল ইসলাম নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়াম বেগম। তিনি জানান, গত ১৭ জুন প্রথম স্ত্রীর সম্মতিতে মরিয়াম বেগমের বাবা মাসুম বিল্লাহর বাসভবনে পারিবারিকভাবে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। এই ঘটনার পর থেকেই সাতক্ষীরার শ্যামনগরে এমপিকে অবাঞ্ছিত ঘোষণা ও বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

শেয়ার করুন