সাতক্ষীরার এমপি গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

প্রকাশ:

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ মোট পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান বাদী হয়ে মঙ্গলবার এই মামলাটি করেন। মামলার এজহারে ওবায়দুর রহমান অভিযোগ করেন, অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং ভিডিও ফাঁসের সন্দেহে তাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন মাসুম বিল্লাহ (৪১), মোতাসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)।

এ ঘটনায় আমিনুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পল্লবী জোনের এসআই এবং মামলার তদন্ত কর্মকর্তা রাকিবুল হুদা তাকে আদালতে হাজির করেন। শুনানির পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন অভিযুক্ত আমিনুরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া আগামী ২৪ আগস্টের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদালত নির্দেশ প্রদান করেছেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।

মামলার এজহারে ওবায়দুর রহমান উল্লেখ করেন, তিনি পল্লবীর কালশী এলাকার ‘রোজ গার্ডেন টাওয়ার’-এ তার বোনের বাসায় থাকতেন এবং গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করতেন। আত্মীয়তার সূত্রে এমপি নজরুল ইসলাম ওই বাসায় যাতায়াত করতেন। এক পর্যায়ে নজরুল ইসলামের সঙ্গে ওবায়দুরের ভাগ্নির অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। ওবায়দুর বিষয়টি জানতে পেরে তার পরিবারকে অবহিত করেন এবং নজরুল ইসলামকে এই সম্পর্ক থেকে সরে আসার অনুরোধ জানান। এতে ক্ষুব্ধ হয়ে এমপি নজরুল ইসলাম তাকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন।

এজহারে আরও বলা হয়, সম্প্রতি মগবাজারের একটি চক্র এমপি নজরুল ইসলাম ও তার ভাগ্নির কিছু অপ্রীতিকর ভিডিও সংগ্রহ করে তাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। নজরুল ইসলামের সন্দেহ হয় যে, ওবায়দুরই এই গোপন ভিডিও ধারণ করে সংবাদমাধ্যম ও ওই চক্রের হাতে তুলে দিয়েছেন। এই বিরোধের জেরে গত ১৪ জুলাই নজরুল ইসলামের নির্দেশে অন্য আসামিরা তার ওপর হামলা চালায়।

শেয়ার করুন