গ্যাস সংকট কাটাতে দুই বছর সময় লাগতে পারে: বাণিজ্যমন্ত্রী

প্রকাশ:

দেশের বর্তমান জ্বালানি সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে প্রায় দুই বছরের মতো সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার দুপুরে সিলেটে আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, জ্বালানি খাতের চ্যালেঞ্জ এখন স্পষ্ট এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় সময় দিতে হবে।

খন্দকার আব্দুল মুক্তাদির জানান, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার প্রচলিত চিন্তাধারার বাইরে গিয়ে কাজ করছে। এই সংকট থেকে স্থায়ীভাবে বেরিয়ে আসতে অবকাঠামো নির্মাণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, জ্বালানি টার্মিনালের সক্ষমতা বৃদ্ধি এবং নতুন কূপ খনন করা হলে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণতা বাড়বে, যার জন্য প্রায় দুই বছর সময় প্রয়োজন।

সংকট সৃষ্টির কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, বর্তমানে জ্বালানির দৈনিক চাহিদা সরবরাহের তুলনায় প্রায় দ্বিগুণ। এছাড়া বছরের এই সময়ে অন্যান্য মৌসুমের তুলনায় চাহিদা বেশি থাকে, যার ফলে সংকটটি দৃশ্যমান হয়ে উঠেছে। সরকার আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধানের দিকেও কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

অর্থনৈতিক অগ্রগতির জন্য বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সরকার সচেষ্ট রয়েছে এবং মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির চেষ্টাও চলছে।

সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এই জেলা কর্মশালায় মন্ত্রী কৃষিক্ষেত্রে সাফল্যের বিষয়ে বলেন, আগামী দিনের লক্ষ্য হচ্ছে কৃষিকাজ থেকে পুরোপুরি রিটার্ন তুলে আনা এবং এই খাতের অপার সম্ভাবনাকে সরকার কাজে লাগাবে। কর্মশালা শেষে তিনি সিলেট বন বিভাগ আয়োজিত বিভাগীয় বৃক্ষমেলারও উদ্বোধন করেন।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটের একটি হলরুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে জেলা পর্যায়ে বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বিগত বছরের বাস্তবায়ন মূল্যায়ন বিষয়ক জেলা কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

শেয়ার করুন