ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের ২৬টি সরকারি চেক জালিয়াতি করে প্রায় ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত তিন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) অতনু বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেন।
বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন—উপজেলা পরিষদের সাবেক সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পার্থ সারথী পাল এবং বর্তমান অফিস সহায়ক ফিরোজ ও নুর ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী কোনো সরকারি কর্মচারী ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গেলে সেই দিন থেকেই বরখাস্তের আদেশ কার্যকর হয়। তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা বিধি অনুযায়ী নির্ধারিত হারে ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।
এর আগে, গত ৭ জুলাই উপজেলা পরিষদের উন্নয়ন ও রাজস্ব খাতের ২৬টি সরকারি চেকের টাকার অঙ্ক ও বানান পরিবর্তন করে ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মামলাটি পুলিশের তদন্তের এখতিয়ারভুক্ত নয় উল্লেখ করে পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। গত রবিবার ফুলগাজী আমলি আদালত থেকে অভিযুক্তরা জামিন লাভ করেন। আদালত তার পর্যবেক্ষণে উল্লেখ করেন, এটি দুর্নীতির দায়ে অভিযুক্ত হওয়ায় মামলাটি দুদকের তফসিলভুক্ত। তাই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য মামলার ডকেট দুদকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১৫: ১২আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১৫: ১৫




