মরক্কোর বিপক্ষে আসন্ন ফুটবল ম্যাচকে সামনে রেখে ফ্রান্সের কর্তৃপক্ষ দেশটির সমর্থকদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে। অতীতে বড় ধরনের ফুটবল ম্যাচের পর ফ্রান্সের বিভিন্ন স্থানে অস্থিরতা ও সহিংসতার ঘটনা ঘটেছে। এর আগে গত ৩০ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি আর্সেনালকে হারানোর পর প্যারিসে ভাঙচুর ও সহিংসতার ঘটনায় ২৮০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। এই প্রেক্ষাপটে আজ রাতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি ফ্রান্স ইনফো সম্প্রচারমাধ্যমকে বলেছেন, তিনি সবার প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানাচ্ছেন এবং আশা করছেন ম্যাচটি উৎসবের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, কোনো ধরনের বিশৃঙ্খল আচরণ সহ্য করা হবে না।
ঐতিহাসিকভাবে মরক্কো ও ফ্রান্সের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। ১৯৫৬ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করলেও বর্তমানে দেশ দুটির সম্পর্ক বেশ স্থিতিশীল। ফ্রান্সে বিপুল সংখ্যক মরোক্কান বা মরক্কো বংশোদ্ভূত ফরাসি নাগরিক বসবাস করেন। এছাড়া বর্তমান মরক্কো জাতীয় দলের অনেক খেলোয়াড় ফ্রান্সে জন্মগ্রহণ করেছেন এবং দেশটির ক্লাবে খেলেন। মরক্কো দলের অধিনায়ক আশরাফ হাকিমি স্পেনে জন্মগ্রহণ করলেও তিনি বর্তমানে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইতে (পিএসজি) খেলছেন। এর আগে ২০২২ সালের বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স ও মরক্কোর মধ্যকার ম্যাচটির উদযাপন বেশিরভাগ ক্ষেত্রেই শান্তিপূর্ণ ছিল।




