জুলাই বিপ্লবের উত্তাল সময়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলামসহ চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী, আগামী ৩ আগস্ট তাদের আদালতে হাজির হতে হবে।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৪ সালের ১৮ জুলাই জুলাই গণ আন্দোলনের সময় যাত্রাবাড়ী এলাকায় ৮ জন এবং ২০ জুলাই আরও ৯ জন নিহত হন। এই ১৭ জনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় এই চারজনকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার অভিযুক্ত চার আসামি হলেন— সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান।
প্রসিকিউটর আরও জানান, বর্তমানে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ট্রাইব্যুনালের অন্য একটি মামলায় গ্রেপ্তার রয়েছেন। এছাড়া বাকি তিন আসামি বিভিন্ন থানায় দায়ের করা অন্যান্য মামলায় গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। এই চার আসামিকে উল্লিখিত ১৭ জন নিহতের ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে।





