জামিনে কারামুক্ত সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

প্রকাশ:

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার বিকেল সোয়া চারটার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি কারামুক্ত হন। এক বছরেরও বেশি সময় ধরে কারাভোগের পর তিনি মুক্তি পেলেন।

এর আগে গত ১০ আগস্ট হাইকোর্ট থেকে তিনি অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেন। রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তাকে এই জামিন দেওয়া হয়। মামলার নথিপত্র অনুযায়ী, গত ২ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ৮ জুলাই তাকে আনুষ্ঠানিকভাবে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।

পরবর্তীতে গত ২৭ জুলাই নিম্ন আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর হলে তিনি ৯ আগস্ট হাইকোর্টে জামিনের আবেদন জানান। শুনানি শেষে ১০ আগস্ট হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন, যার ধারাবাহিকতায় বুধবার তার কারামুক্তির পথ সুগম হয়। এর আগে তিনি আরও আটটি পৃথক মামলায় জামিন পেয়েছিলেন।

বনানী থানায় দায়ের করা এই মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মহাখালীর সেতু ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। সেখান থেকে শাহবাগের দিকে যাওয়ার পথে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপ করা হয়। এতে উজ্জ্বল মিয়াসহ অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হন। এই ঘটনার পর আহত উজ্জ্বল মিয়া বাদী হয়ে বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেন।

শেয়ার করুন