পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে স্পষ্ট জবাব চাইলেন হাসনাত আব্দুল্লাহ

প্রকাশ:

নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের যুক্তরাজ্যের নাগরিকত্ব আছে কি না, তা নিয়ে প্রকাশ্যে স্পষ্ট জবাব দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সোমবার (২৪ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বিষয়টি খুবই সহজ—প্রতিমন্ত্রী যুক্তরাজ্যের নাগরিকত্ব ছেড়েছেন কি না, তার উত্তর ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে দেওয়া সম্ভব। তিনি আরও বলেন, যদি তিনি নাগরিকত্ব ত্যাগ করে থাকেন, তবে সংশ্লিষ্ট কাগজপত্র উপস্থাপন করা যেতে পারে। তিনি স্পষ্ট করেন যে, তারা প্রতিমন্ত্রীর জেল বা ফাঁসি চাইছেন না, শুধু নাগরিকত্ব ত্যাগের বিষয়টি নিশ্চিত হতে চান।

গণতন্ত্রে মন্ত্রী ও মন্ত্রিপরিষদের জবাবদিহিতা বাধ্যতামূলক উল্লেখ করে এনসিপি নেতা বলেন, বিদেশি নাগরিকত্বের বিষয়ে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। তিনি অভিযোগ করেন, সাংবাদিকদের প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে প্রতিমন্ত্রীর ব্যঙ্গাত্মক ও আক্রমণাত্মক মন্তব্য গণমাধ্যমের স্বাধীনতার ওপর চাপ সৃষ্টি করতে পারে। সাংবাদিকদের উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক ইঙ্গিত দেওয়াকে তিনি অপেশাদার আচরণ হিসেবে অভিহিত করেন।

হাসনাত আব্দুল্লাহর মতে, নতুন সরকারের কাছ থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজনৈতিক তকমার সংস্কৃতির পুনরাবৃত্তি কাম্য নয়। এতে সাংবাদিকদের মধ্যে আত্মনিয়ন্ত্রণের ভীতি তৈরি হতে পারে।

উল্লেখ্য, এর আগে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা হুমায়ুন কবিরের কাছে যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের বিষয়ে জানতে চেয়েছিলেন। তখন তিনি সরাসরি কোনো উত্তর না দিয়ে নিজেকে বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় দেন এবং তার অবস্থান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে মন্তব্য করেন।

শেয়ার করুন