সাত জেলায় বন্যা পরিস্থিতির অবনতি: মৃতের সংখ্যা বেড়ে ৫১

প্রকাশ:

টানা ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢল এবং পাহাড়ধসের কারণে দেশের সাতটি জেলার বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হালনাগাদ করা তথ্য অনুযায়ী, এই দুর্যোগে এ পর্যন্ত ৫১ জনের প্রাণহানি ঘটেছে এবং আরও ৩৯ জন আহত হয়েছেন।

বন্যাকবলিত জেলাগুলোর মধ্যে রয়েছে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এসব জেলার ৫৮টি উপজেলা, ১১টি পৌরসভা এবং ৩৮৬টি ইউনিয়নের প্রায় ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবারের সদস্যরা বর্তমানে পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। দুর্গতদের সহায়তায় এ পর্যন্ত ১ হাজার ১৩১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ৪৪ হাজার ৪৫৭ জন মানুষ আশ্রয় গ্রহণ করেছেন।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে কক্সবাজার জেলায়, যেখানে মোট ২৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৩ জন রোহিঙ্গা এবং ১৫ জন স্থানীয় বাসিন্দা। এছাড়া জেলায় ২৪ জন আহত এবং একজন নিখোঁজ রয়েছেন। অন্যান্য জেলাগুলোর মধ্যে চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

ক্ষয়ক্ষতির হিসেবে চট্টগ্রাম জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার ১৬টি উপজেলায় প্রায় ৫ লাখ ৯৫ হাজার মানুষ বন্যার শিকার হয়েছেন এবং পানিবন্দি রয়েছে প্রায় ১ লাখ ৪৭ হাজার ৫০০ পরিবার। কক্সবাজারে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১ লাখ ৫৮ হাজারের বেশি।

ত্রাণ কার্যক্রম সম্পর্কে মন্ত্রণালয় জানিয়েছে, বন্যাকবলিত সাত জেলার জন্য এখন পর্যন্ত ১ কোটি ৭৫ লাখ টাকা এবং ৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের ৬৪ জেলার জন্য জরুরি প্রয়োজনে দ্রুত বিতরণের লক্ষ্যে ৪ কোটি ৬০ লাখ টাকা এবং ৮ হাজার ৯৫০ মেট্রিক টন চাল প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসন ও স্থানীয় সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো সমন্বিতভাবে উদ্ধারকাজ ও ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে। দুর্গত এলাকায় শুকনো খাবার, চাল ও নগদ অর্থসহ জরুরি ত্রাণসামগ্রী পৌঁছানো হচ্ছে।

শেয়ার করুন