উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপে এবার যুক্ত হচ্ছে এক নতুন ও ব্যতিক্রমী উদ্যোগ। প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলকে দেওয়া হবে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’ বা আংটি। মার্কিন ক্রীড়াঙ্গনে চ্যাম্পিয়ন দলকে আংটি প্রদানের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে, বিশেষ করে এনএফএলের সুপার বোলজয়ীরা এই সম্মান পেয়ে থাকেন। সেই সংস্কৃতিই এবার প্রথমবার ফিফার কোনো প্রতিযোগিতায় যুক্ত হতে যাচ্ছে।
আগামী ২০ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল স্পেন। ঐতিহ্যবাহী বিশ্বকাপ ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি বিজয়ী দলের জন্য এই নতুন সম্মাননা থাকছে।
এই বিশেষ উপলক্ষ্যে মোট ২ হাজার ২৬টি চ্যাম্পিয়নশিপ রিং তৈরি করা হবে। এর মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্যদের জন্য ৩০টি আংটি বরাদ্দ থাকবে। বাকি ১ হাজার ৯৯৬টি আংটি বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের জন্য বিক্রির ব্যবস্থা করা হবে। প্রতিটি আংটির এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা এবং অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের পরিচয় ও অর্জনের স্মারক। বিজয়ী দলের জন্য তৈরি প্রতিটি আংটি স্বতন্ত্র নম্বরযুক্ত হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির আঙুলের মাপ অনুযায়ী বিশেষভাবে প্রস্তুত করা হবে। এর সঙ্গে একটি সত্যায়নপত্রও দেওয়া হবে।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচের হাতে প্রতীকী বা অস্থায়ী আংটি তুলে দেওয়া হবে। পরবর্তী সময়ে চ্যাম্পিয়ন দলের জন্য নির্ধারিত ৩০টি আংটি ব্যক্তিগত মাপ অনুযায়ী তৈরি করে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হবে।



