দেশে সারের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং সার বিতরণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সদস্য আসাদুল হাবিব দুলু। বুধবার লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার সার উৎপাদন ও আমদানিতে প্রচুর ভর্তুকি দিচ্ছে। বর্তমানে বাজারে সারের সংকট যতটা বাস্তব, তার চেয়ে বেশি রটানো হচ্ছে।
তিনি আরও জানান, বিভিন্ন জায়গায় সারের সংকটের কথা আলোচনায় এলেও মূলত বাংলাদেশে সারের কোনো ঘাটতি নেই। পরিস্থিতি সামাল দিতে সরকার ডিলার এবং খুচরা বিক্রেতার সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে। লালমনিরহাটের তথ্য তুলে ধরে মন্ত্রী দাবি করেন, গত বছরের তুলনায় এবার জেলায় সারের বরাদ্দ অনেক বেশি দেওয়া হয়েছে।
সার কালোবাজারি ও কৃত্রিম সংকট তৈরির বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানান মন্ত্রী। তিনি স্পষ্ট করেন, কেউ যদি অনিয়ম বা অবৈধভাবে সার মজুদ করার চেষ্টা করে, তবে কোনো ছাড় দেওয়া হবে না। জেলা প্রশাসককে সারের বাজার ও বিতরণ ব্যবস্থা কঠোরভাবে মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অবৈধ মজুদের তথ্য পেলে তাৎক্ষণিক গুদামে অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে মন্ত্রী লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন করেন। এসময় তিনি রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের বিভিন্ন অনিয়ম দেখে তা সমাধানের নির্দেশনা দেন। পরবর্তীতে তিনি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির একটি সভায় অংশগ্রহণ করেন। সভায় জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক এবং পুলিশ সুপার আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।





