সেমিফাইনালে মেসিকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইংল্যান্ডের সাবেক তারকার

প্রকাশ:

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে আগামী বুধবার মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে একে অপরের বিপক্ষে নামছে দুই শক্তিশালী দল। এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে আর্জেন্টিনা ও বর্তমান চ্যাম্পিয়ন দলের অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার জো কোল।

‘দ্য রেস্ট ইজ ফুটবল’ নামক পডকাস্টে জো কোল সরাসরি বলেন, সেমিফাইনালে লিওনেল মেসিকে মাটিতে মিশিয়ে দিতে হবে। এ সময় পডকাস্টে উপস্থিত থাকা ইংল্যান্ডের আরেক সাবেক খেলোয়াড় মিকা রিচার্ডস তার এমন মন্তব্যের প্রতিবাদ জানালে কোল অনড় থেকে জানান, তিনি তার অবস্থানে অটল। তিনি আরও আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন যে, ইংল্যান্ড এবারের বিশ্বকাপের ফাইনালে খেলবে। কোলের মতে, ইংল্যান্ড দলের যে গতি রয়েছে, তার মোকাবিলা করতে আর্জেন্টিনা হিমশিম খাবে এবং তারা মাঠে দাঁড়াতে পারবে না।

এদিকে ইংল্যান্ডের আরেক সাবেক তারকা ওয়েন রুনিও আর্জেন্টিনাকে নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। রুনির মতে, আর্জেন্টিনার রক্ষণভাগের দুর্বলতা তাদের হারের কারণ হতে পারে। তিনি ব্যাখ্যা করেন, আধুনিক ফুটবলের সেমিফাইনালে শুধু আক্রমণাত্মক ভূমিকা পালন করলেই চলে না, রক্ষণেও সাহায্য করতে নিচে নামতে হয়। রুনি বলেন, জুড বেলিংহ্যাম বা হ্যারি কেনের মতো খেলোয়াড়রা রক্ষণভাগে সাহায্য করলেও মেসি তা করেন না, যা আর্জেন্টিনার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

তবে মেসির ব্যক্তিগত দক্ষতা নিয়েও রুনি যথেষ্ট সচেতন। তিনি বলেন, সামান্য সুযোগ থেকেও গোল করার অদ্ভুত ক্ষমতা মেসির আছে। বেলিংহ্যামের মতো মেসিও গুরুত্বপূর্ণ মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। তাই ইংল্যান্ডের ডিফেন্ডারদের মেসির ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও মনোযোগ বজায় রাখা জরুরি, অন্যথায় মেসি রক্ষণভাগকে বোকা বানিয়ে বেরিয়ে যেতে পারেন বলে রুনি মনে করেন।

এ সময় পডকাস্টে উপস্থিত ইংল্যান্ডের সাবেক ফুটবলার মিকা রিচার্ডস বলেন, ‘তুমি (কোল) এ রকম কথা বলতে পার না।’ জবাবে কোল বলেন, ‘১০০ বার বলতে পারি।’

শেয়ার করুন