চিকিৎসা শেষে সমুদ্রে ফিরলো ১২২ কেজির বিপন্ন লগারহেড কচ্ছপ

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কি ওয়েস্টের ফোর্ট জাকারি টেলর হিস্টোরিক স্টেট পার্কের সৈকতে গত শুক্রবার (১৪ আগস্ট) এক বিশেষ মুহূর্তের সাক্ষী হতে শত শত মানুষ ভিড় করেছিলেন। কয়েক সপ্তাহের চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে ২৭০ পাউন্ড বা প্রায় ১২২ কেজি ওজনের লগারহেড সামুদ্রিক কচ্ছপ ‘টিমি’কে আটলান্টিক মহাসাগরে অবমুক্ত করা হয়।

‘টার্টল হাসপাতাল’-এর কর্মীরা টিমিকে সৈকতে নিয়ে এলে উপস্থিত দর্শনার্থীরা মোবাইল ফোনে পুরো ঘটনাটি ধারণ করেন। সৈকতে নামিয়ে দেওয়ার পর টিমি ধীরস্থিরভাবে সমুদ্রের ঢেউয়ের দিকে এগিয়ে যায় এবং একসময় নীল পানিতে হারিয়ে যায়। টিমিকে তার প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দিতে পারাটা হাসপাতালের কর্মীদের জন্য বড় ধরনের সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

টার্টল হাসপাতালের জেনারেল ম্যানেজার বেটি জিরকেলবাখ জানান, টিমি একটি প্রজননক্ষম স্ত্রী কচ্ছপ, তাই তার নিরাপদে সমুদ্রে ফিরে যাওয়া প্রজাতিটির ভবিষ্যৎ টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, টিমিকে বিদায় জানানোর সময় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ভালোবাসা দেখে তিনি অভিভূত। জিরকেলবাখ মনে করেন, বন্যপ্রাণীর প্রতি মানুষের এই আবেগ ও ভালোবাসাই তাদের সুরক্ষায় সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত ফ্লোরিডার প্রতিনিধি জিম মুনি বলেন, ফ্লোরিডা কিজের পরিবেশ ও পর্যটন রক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন ও শিক্ষিত করে তোলা জরুরি। নিজের শৈশবের স্মৃতিচারণ করে তিনি জানান, পরিবেশ রক্ষা করাই তার অন্যতম লক্ষ্য। মানুষের করতালির মধ্য দিয়ে টিমি শেষ পর্যন্ত তার চিরচেনা ঠিকানায় ফিরে যায়।

শেয়ার করুন