আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বর্তমানে জাতীয় দলের হয়ে একটি নতুন রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন। ২০২২ কাতার বিশ্বকাপ এবং চলমান ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত মোট ১৩টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলার মাধ্যমে তিনি ১৯৭৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি গোলরক্ষক উবালদো ফিয়োলের ১৩ ম্যাচ খেলার রেকর্ডের সমান অবস্থানে পৌঁছেছেন।
এখন আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামলেই ফিয়োলকে পেছনে ফেলে এককভাবে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষকের রেকর্ডটি নিজের দখলে নেবেন এই তারকা। এই মাইলফলক স্পর্শ করার পথে মার্তিনেজ ইতোমধ্যেই সার্জিও রোমেরোকে ছাড়িয়ে গেছেন। রোমেরো ২০১০ দক্ষিণ আফ্রিকা ও ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মোট ১২টি ম্যাচ খেলেছিলেন।
অন্যদিকে, উবালদো ফিয়োল তার ক্যারিয়ারে তিনটি বিশ্বকাপে মোট ১৩টি ম্যাচ খেলেছিলেন। এর মধ্যে ১৯৭৪ সালে পশ্চিম জার্মানিতে একটি, ১৯৭৮ সালে আর্জেন্টিনায় সাতটি এবং ১৯৮২ সালে স্পেনে পাঁচটি ম্যাচ ছিল। এতদিন পর্যন্ত এটিই ছিল আর্জেন্টিনার কোনো গোলরক্ষকের বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। এছাড়া রবার্তো আব্বোন্দানসিয়েরি ও দানিয়েল কার্নেভালির ঝুলিতে রয়েছে পাঁচটি করে ম্যাচ। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ১৯ জন গোলরক্ষক আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে অন্তত কয়েক মিনিট হলেও মাঠে নামার সুযোগ পেয়েছেন।
২০২২ সালে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক মার্তিনেজ এখন এমন এক সময়ে এই রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন, যখন তাকে ফিয়োল ও পুম্পিদোর মতো আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষকদের সাথে তুলনা করা হচ্ছে। ২০২৬ বিশ্বকাপেও তিনি নিজের পারফরম্যান্সের মাধ্যমে উজ্জ্বলতা ছড়াচ্ছেন।



