গাজীপুর সাফারি পার্কে দুটি হাতির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৬ আগস্ট রাতে এবং ৭ আগস্ট সকালে হাতি দুটি মারা যায়।
পার্কের কর্মকর্তা তারেক রহমান জানান, গত ৬ আগস্ট ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে একটি হাতির মৃত্যু হয়। অন্যদিকে, ৭ আগস্ট সকালে রাজা বাহাদুর নামের আরও একটি হাতিকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত হাতি দুটির দেহের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে এবং কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পার্কের ভেতরেই মাটি চাপা দেওয়া হয়েছে। বর্তমানে সাফারি পার্কে হাতির সংখ্যা ৮টি।
রাজা বাহাদুর নামের হাতিটির মৃত্যু নিয়ে বিস্তারিত তথ্য দিয়ে কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ২৪ মে পার্কের হাতিশালায় শেকলে বাঁধা থাকা অবস্থায় ১০ বছর বয়সী রাজু বাহাদুরের ওপর ৪ বছর বয়সী ‘জয়িতা’ নামের অপর একটি হাতি হামলা চালায়। এতে রাজু বাহাদুরের একটি পা ভেঙে যায়। এর আগে ২০২৫ সালের জানুয়ারি মাসে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট নারায়নগঞ্জের কাঁচপুর থেকে ৯ বছর বয়সী রাজা বাহাদুরকে উদ্ধার করে এই পার্কে হস্তান্তর করেছিল।
আহত হওয়ার ঘটনার পর থেকে রাজু বাহাদুরের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একাধিক মেডিকেল বোর্ড গঠন করা হয়। থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয় এবং শ্রীলঙ্কার চিকিৎসকদের সাথেও পরামর্শ করা হয়। ক্রেন ব্যবহার করে হাতিটিকে বালির ওপর রেখে চিকিৎসা চালানো হয়েছিল। তবে সব চেষ্টা ব্যর্থ করে গত ৭ আগস্ট সকালে হাতিটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।





