ফুটবল বিশ্বকাপের মতো আসরে চ্যাম্পিয়ন দল সম্পর্কে নিখুঁত ভবিষ্যদ্বাণী করা অত্যন্ত কঠিন একটি কাজ। তবে ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস ধারাবাহিকভাবে সেই কঠিন কাজটিই করে দেখাচ্ছে। ২০২৬ সালের বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে টানা পঞ্চমবারের মতো প্রতিষ্ঠানটির দেওয়া পূর্বাভাস সত্য প্রমাণিত হলো।
টুর্নামেন্ট শুরুর ঠিক দুই দিন আগে ইএ স্পোর্টস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে স্পেনকে এবারের চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করেছিল। রোববার বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার লড়াইয়ে ১-০ গোলের জয় পায় স্পেন। মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের ১০৬তম মিনিটে স্পেনের হয়ে জয়সূচক গোলটি করেন ফেরান তোরেস।
ইএ স্পোর্টসের এই সাফল্যের ধারা দীর্ঘদিনের। ২০১০ সালে স্পেন যখন প্রথমবার শিরোপা জিতেছিল, সেবারও তাদের নামই ভবিষ্যদ্বাণী করেছিল প্রতিষ্ঠানটি। এরপর ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে পূর্বাভাস দিয়েছিল তারা এবং প্রতিবারই সেই ফলাফল হুবহু মিলে গিয়েছিল।
এই ভবিষ্যদ্বাণী কোনো সাধারণ অনুমান নয় বলে জানিয়েছে ইএ স্পোর্টস। তাদের ডেভেলপার দল খেলোয়াড়দের বর্তমান পারফরম্যান্স, দলীয় শক্তি, সম্ভাব্য ম্যাচআপ, কৌশলগত তথ্য এবং পরিসংখ্যান বিশ্লেষণ করে একটি বিশেষ সিমুলেশনের মাধ্যমে পুরো টুর্নামেন্টের ফলাফল নির্ধারণ করে।
২০২৬ বিশ্বকাপে স্পেন ও ফ্রান্সকে শুরু থেকেই ফেবারিট ধরা হলেও টুর্নামেন্টে বেশ কিছু চমক দেখা গেছে। শুরুর ম্যাচে কেপ ভার্দের মতো দলের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও, পরবর্তীতে স্পেন ঘুরে দাঁড়ায়। পুরো টুর্নামেন্টে তারা মাত্র একটি গোল হজম করেছে এবং বেলজিয়াম, পর্তুগাল ও ফ্রান্সের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে।
স্পেনের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তরুণ তারকা লামিনে ইয়ামাল ও পাউ কুবারসি। মাত্র ১৯ বছর বয়সী এই দুই খেলোয়াড় তাদের প্রথম বিশ্বকাপেই দারুণ নৈপুণ্য প্রদর্শন করেছেন। এর মধ্যে কুবারসি টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেছেন। এছাড়া স্পেনের মিডফিল্ডার রদ্রি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতেছেন। রদ্রি এর আগে ২০২৪ সালের ব্যালন ডি’অর এবং ইউরোর সেরা খেলোয়াড়ের পুরস্কারও জয় করেছিলেন।





