ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম দাবি করেছেন, দায়িত্ব গ্রহণের পর গত ১১ মাসে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণ এবং ক্যাম্পাসের পরিবেশ উন্নয়নে এমন সব পদক্ষেপ নেওয়া হয়েছে, যা বিশ্ববিদ্যালয়টির ১০৫ বছরের ইতিহাসে আগে কখনো সম্ভব হয়নি। শুক্রবার পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
ডাকসু ভিপি বলেন, বর্তমান নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীদের অধিকার রক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তার ভাষ্যমতে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মনে করেন যে, দীর্ঘ ইতিহাসে বর্তমান সময়ে এমন কিছু কাজ সম্পন্ন হয়েছে যা অতীতে হয়নি। সাদিক কায়েম আরও দাবি করেন, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মারামারি, সংঘর্ষ, চাঁদাবাজি ও টেন্ডারবাজির মতো নেতিবাচক কর্মকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। বিভিন্ন জরিপের তথ্য উল্লেখ করে তিনি জানান, ৯৩ শতাংশ শিক্ষার্থী বর্তমান ক্যাম্পাসকে আগের তুলনায় সবচেয়ে নিরাপদ বলে মনে করেন।
ক্যাম্পাসের মূল লক্ষ্য হিসেবে শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা, চিন্তা ও নতুন প্রযুক্তি উদ্ভাবনের সুযোগ তৈরির কথা উল্লেখ করে তিনি বলেন, এর জন্য প্রয়োজনীয় একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে তারা কাজ করেছেন। পাশাপাশি তিনি দেশের তরুণ প্রজন্মের যথাযথ স্বীকৃতি ও সুযোগ না পাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, গত ৫৫ বছরে দেশের নেতৃত্ব তরুণ ও শিক্ষার্থীদের নিয়ে যেভাবে পরিকল্পনা করার প্রয়োজন ছিল, তা করেননি এবং তাদের মেধার যথাযথ মূল্যায়নও করা হয়নি।
সাদিক কায়েম বলেন, এই ব্যর্থতার কারণেই দেশ একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। মেধাবী শিক্ষার্থীরা বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে গিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন, অথচ দেশে তাদের মেধা বিকাশের সুযোগ তৈরি করা এখন সময়ের দাবি। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে পটুয়াখালী সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।





