ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ‘সমকামিতায়’ জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত দুই শিক্ষার্থীর হলের আবাসিক সিট স্থায়ীভাবে বাতিল করেছে।
হল প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান বুধবার প্রথম আলোকে বলেন, নিয়ম অনুযায়ী অভিযুক্ত দুই শিক্ষার্থীর হলের সিট স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।
হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ বিষয়টি নিয়ে তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি জানান, আবাসিক শিক্ষার্থীদের বিরুদ্ধে গুরুতর সামাজিক শৃঙ্খলাভঙ্গের (সমকামিতা) অভিযোগের প্রমাণ পাওয়ার পর কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার পরপরই স্থানীয় অভিভাবকের উপস্থিতিতে অভিযুক্তদের হল থেকে বের করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, বর্তমানে তিনি প্রচণ্ড ‘ট্রমার’ মধ্যে রয়েছেন এবং এ বিষয়ে কথা বলতে তিনি ইচ্ছুক নন। অপর অভিযুক্ত শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।
এর আগে গত ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে ‘সমকামিতায়’ জড়িত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করা হয়, যাঁকে পরে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এছাড়া সম্প্রতি শহীদুল্লাহ হলেও হল সংসদের সহসাধারণ সম্পাদকের (এজিএস) কক্ষে থাকা দুই অতিথির বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় এজিএসের আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করা হয়েছিল।





