রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৫৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে বিভিন্ন অভিযোগে মোট ৪৩টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের বিভিন্ন বিভাগে পরিচালিত এই অভিযানে রমনা বিভাগ থেকে ৪০ জন, লালবাগ বিভাগ থেকে ৩৭ জন, ওয়ারী বিভাগ থেকে ৬২ জন, মতিঝিল বিভাগ থেকে ৬৯ জন, তেজগাঁও বিভাগ থেকে ৮৫ জন, মিরপুর বিভাগ থেকে ১৬৬ জন, গুলশান বিভাগ থেকে ৪২ জন এবং উত্তরা বিভাগ থেকে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গোয়েন্দা বিভাগ সাতজনকে গ্রেপ্তার করেছে।
অভিযান চলাকালে ডিএমপির পক্ষ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১০ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ১৩ হাজার ৬১ পিস ইয়াবা এবং ২ দশমিক ৭০ গ্রাম হেরোইন। এছাড়া পুলিশ ৯টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল ও একটি হাঁসুয়া জব্দ করেছে।





