স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

প্রকাশ:

দীর্ঘদিন অসুস্থ থাকার পর স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনি। আজ বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাকে রাজধানী ঢাকার কলাবাগানের বাসার উদ্দেশে নিয়ে আসা হয়।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার ডা. দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই তাকে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। জেল সুপার আরও জানান, কারাগারের নিয়ম অনুযায়ী কড়া নিরাপত্তার মধ্যে পুলিশি পাহারায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে এবং নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় কারাগারে ফেরত আনা হবে।

এর আগে, মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন।

দীপু মনির পক্ষের আইনজীবী গাজী ফয়সাল জানিয়েছেন, মুক্তির পর তাকে ঢাকার কলাবাগানের বাসায় নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে মরহুমের মরদেহ রাখা হয়েছে। এই বাড়িতেই তৌফিক নেওয়াজের সঙ্গে ডা. দীপু মনির প্রথম দেখা হয়েছিল। পরবর্তী আনুষ্ঠানিকতার অংশ হিসেবে গুলশান আজাদ মসজিদে জানাজা এবং বনানী কবরস্থানে মরদেহ দাফনের প্রস্তুতি চলছে। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার হন ডা. দীপু মনি।

শেয়ার করুন