বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো মন্তব্য করতে চান না এবং এটি করা উচিত নয় বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হাইকমিশনার বলেন, অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আমরা কিছু বলতে চাই না এবং আমাদের বলা উচিতও নয়। তিনি আরও বলেন, দেশের মানুষ যা ভালো বুঝবে এবং দেশের নির্বাচিত সরকার যা ভালো বুঝবে—জনগণের জন্য কী ভালো, সেটিই আসল কথা।
দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে যে সম্পর্ক তা সবসময়ই বিদ্যমান। তিনি না থাকলেও অন্য কেউ তার জায়গায় আসলে একই পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, দিল্লিতে বাংলাদেশের প্রতিনিধিও দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক উন্নয়নের কথা ভাবেন। আমাদের নেয়া সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ে, আর সাধারণ মানুষের ভালো করাটাই আমাদের দায়িত্ব।
প্রতিবেশী হিসেবে দায়িত্বের কথা উল্লেখ করে ত্রিবেদী বলেন, আমরা একটি স্বপ্ন শেয়ার করি এবং সীমান্তও শেয়ার করি। প্রতিবেশী হিসেবে আমাদের দায়িত্ব অনেক বেড়ে যায়। তিনি আরও বলেন, আমরা সবাই সমান, কেউ ছোট বা বড় নয়। এখানে এসে অনেক কিছু শিখছি।
তিনি আরও বলেন, চ্যালেঞ্জ থাকবেই। আমাদের বুঝতে হবে বাংলাদেশের গণতান্ত্রিক চ্যালেঞ্জ কী এবং বাংলাদেশকেও বুঝতে হবে ভারতের চ্যালেঞ্জ কী। সেই চ্যালেঞ্জগুলোর কথা মাথায় রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। অতীতে আমরা আটকে থাকতে পারি না, কারণ অতীতে আটকে থাকলে উন্নয়ন সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।





