৩০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক নেতা আটকের ঘটনায় রণক্ষেত্র দিনাজপুর, আহত ১৫

প্রকাশ:

দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে আটকের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দিনাজপুর। বুধবার রাত ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদর উপজেলার ৪ নম্বর শেখপুর ইউনিয়নের গাবুড়া বাজার থেকে তাকে আটক করে। এই আটকের প্রতিবাদে রাতেই শ্রমিকদের একটি অংশ কোতোয়ালি থানার সামনে, কেন্দ্রীয় বাস টার্মিনাল ও ট্রাক টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বাস রেখে অবরোধ সৃষ্টি করে এবং বিক্ষোভ শুরু করে। এতে আন্তজেলা ও ঢাকাগামী বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকদের আরেকটি অংশ থানার সামনে অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, এতে ৭ থেকে ৮ জন শ্রমিক আহত হন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বিকেল ৩টার দিকে, যখন ধারালো অস্ত্র নিয়ে একদল ব্যক্তি থানার সামনে অবস্থান নিলে পুনরায় সংঘর্ষ বেঁধে যায়। এই দফায় আরও ৬ থেকে ৭ জন শ্রমিক আহত হন। সব মিলিয়ে এই ঘটনায় অন্তত ১৫ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষ চলাকালীন এস আর পরিবহনের একটি নৈশ কোচ ও এইচএ এন্টারপ্রাইজের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া মাছরাঙা টেলিভিশনের এক ক্যামেরাপারসনের মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে অন্তত ১০টি বাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে কড়া পুলিশি নিরাপত্তায় শেখ বাদশাকে কোতোয়ালি থানা থেকে আদালতে পাঠানো হয়।

শ্রমিকদের অভিযোগ, আসন্ন দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন শেখ বাদশা, তাই তাকে নির্বাচন থেকে সরিয়ে দিতেই পরিকল্পিতভাবে পুলিশ তাকে আটক করেছে। তবে পুলিশের দাবি, শেখ বাদশার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানিয়েছেন, শেখ বাদশার বিরুদ্ধে তিনটি মামলা চলমান রয়েছে।

শেয়ার করুন