বিশ্বকাপের নকআউট পর্বে ১০ জয়ের অনন্য রেকর্ড দিদিয়ের দেশমের

প্রকাশ:

চলমান বিশ্বকাপে লিওনেল মেসিকে নিয়ে ফুটবল বিশ্বে আলোচনার শেষ নেই, তবে এর আড়ালেই অনন্য এক ইতিহাস গড়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশম। রোববার ভোররাতে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয়ের মাধ্যমে তিনি বিশ্বকাপের নকআউট পর্বে কোচ হিসেবে ১০টি ম্যাচ জয়ের বিরল রেকর্ড গড়েছেন। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এর আগে কোনো কোচ এই মাইলফলক স্পর্শ করতে পারেননি।

দেশমের এই সাফল্যের যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে, যেখানে তার অধীনে ফ্রান্স দ্বিতীয় রাউন্ডে নাইজেরিয়াকে পরাজিত করে। এরপর ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে তার নেতৃত্বাধীন ফ্রান্স দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা, কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে, সেমিফাইনালে বেলজিয়াম এবং ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে শিরোপা জয় করে। ২০২২ সালের কাতার বিশ্বকাপে তার দল দ্বিতীয় রাউন্ডে পোল্যান্ড, কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড এবং সেমিফাইনালে মরক্কোকে পরাজিত করে। সবশেষে চলতি বিশ্বকাপে নকআউট পর্বে সুইডেন ও প্যারাগুয়েকে হারিয়ে তিনি এই রেকর্ডটি নিজের করে নেন।

টানা চারটি বিশ্বকাপে ফ্রান্সের দায়িত্ব পালন করা দিদিয়ের দেশম ফুটবল ইতিহাসের তৃতীয় ব্যক্তি, যিনি খেলোয়াড় ও কোচ উভয় ভূমিকায় বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। তার আগে ব্রাজিলের মারিও জাগালো এবং জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার এই কৃতিত্ব অর্জন করেছিলেন। এছাড়া অধিনায়ক ও কোচ—দুই ভূমিকাতেই বিশ্বকাপজয়ী দ্বিতীয় ব্যক্তি হলেন দেশম। প্রথম ব্যক্তি ছিলেন বেকেনবাওয়ার, যিনি ১৯৭৪ সালে অধিনায়ক এবং ১৯৯০ সালে কোচ হিসেবে জার্মানিকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। দেশম ১৯৯৮ সালে ফ্রান্সের অধিনায়ক হিসেবে এবং ২০১৮ সালে কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেন।

মারিও জাগালো খেলোয়াড় হিসেবে ১৯৫৮ ও ১৯৬২ সালে এবং কোচ হিসেবে ১৯৭০ সালে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করেছিলেন। এছাড়া তিনি ১৯৯৪ সালে সহকারী কোচ এবং ২০০২ সালে টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবেও বিশ্বকাপ জয়ের অংশ ছিলেন। অন্যদিকে, জার্মান ফুটবলের অন্যতম সফল ব্যক্তিত্ব ফ্রাঞ্জ বেকেনবাওয়ার খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের বিরল কৃতিত্ব অর্জন করে ইতিহাস গড়েছিলেন।

শেয়ার করুন