রাজধানীর তীব্র যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্তগুলো নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, শহরের যানজট কমাতে কারওয়ান বাজারের কিচেন মার্কেট সরিয়ে গাবতলীতে স্থানান্তর করা হবে। একই উদ্দেশ্যে ফুলবাড়িয়া বাস টার্মিনাল সরিয়ে কেরানীগঞ্জে স্থানান্তরের পরিকল্পনা নেয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে জমি অধিগ্রহণ করে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। এছাড়া, দীর্ঘমেয়াদী এই প্রকল্পের অংশ হিসেবে আগামী ৪ মাসের মধ্যে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণ করা হবে। গাবতলী বাস টার্মিনালের সক্ষমতা বাড়াতে এর পেছনের অংশ সম্প্রসারণের সিদ্ধান্তও নেয়া হয়েছে, যা দ্রুত বাস্তবায়নে সড়ক বিভাগ ও ট্রাফিক পুলিশকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন (ETC) সিস্টেম চালুর সিদ্ধান্ত হয়েছে। এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নিশ্চিত করতে একটি অ্যাপ তৈরির নির্দেশ দেয়া হয়েছে, যা আগামী ৪ মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের যানজট নিরসনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর আগের প্রতিবেদন পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বুয়েটকে আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় সুপারিশসহ নতুন প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সচিবালয়ের আশপাশের এলাকায় যানজট কমাতে পার্কিং ব্যবস্থার উন্নয়নের অংশ হিসেবে ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিংয়ের সম্ভাব্যতা যাচাইয়ের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি বিকল্প পার্কিংয়ের স্থান খোঁজারও নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ঢাকা শহরে অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে পৃথক নীতিমালা প্রণয়ন এবং অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করে নির্ধারিত সময়ের মধ্যে এসব প্রকল্প শেষ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




