রাজধানীর মিরপুর-১০ এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমাসদৃশ ব্যাগ পাওয়ার পর স্টেশন দুটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে ব্যাগগুলো শনাক্ত হওয়ার পর মেট্রোরেল এই স্টেশন দুটিতে থামছে না।
পুলিশ জানিয়েছে, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের দ্বিতীয় তলায় একটি বোমাসদৃশ ব্যাগ দেখতে পান কয়েকজন। একই সময়ে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচতলায় একটি পিলারের পাশে আরেকটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখা যায়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানিয়েছেন, মেট্রোরেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। বর্তমানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ করছে। ব্যাগগুলোতে বিস্ফোরক রয়েছে কিনা, তা পরীক্ষা-নিরীক্ষা করার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।





