গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

প্রকাশ:

রাজধানীর গেন্ডারিয়ার মুন্সিরটেক এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় একটি অফিসের কাছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

গুলিবিদ্ধরা হলেন—চা দোকানি আলমগীর (৩৩), পথচারী সিয়াম (১৮) এবং আশা আক্তার (২০)। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সিয়াম জানান, তিনি যাত্রাবাড়ীর একটি হোটেলে কাজ করেন। ঘটনার সন্ধ্যায় তিনি গেন্ডারিয়ার মুন্সিরটেকে তার ফুফার চায়ের দোকানে গিয়েছিলেন। হঠাৎ রাস্তায় মারামারি শুরু হলে তিনি দোকানের শাটার বন্ধ করার চেষ্টা করেন, ঠিক সেই মুহূর্তে একটি গুলি এসে তার বুকের বাম পাশে লাগে।

চা দোকানি আলমগীরের স্ত্রী জান্নাতি আক্তার জানান, তার স্বামী ওই এলাকায় চায়ের দোকান করেন। মারামারি ও গোলাগুলির সময় আলমগীর দোকানের ভেতরেই ছিলেন, কিন্তু সেখানেই একটি গুলি তার কপালে আঘাত করে।

আশা আক্তার জানান, তিনি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় মারামারির মধ্যে পড়ে যান। এতে তার ডান পায়ের রানে গুলি লাগে। তবে কারা এই গোলাগুলি করছিল, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ তিনজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন