জমি নিয়ে বিরোধে ২০ ঘণ্টা বারান্দায় পড়ে ছিল বৃদ্ধার মরদেহ

প্রকাশ:

গাজীপুরের শ্রীপুর উপজেলার আক্তাপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে এক হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়েছে। মান্দাই সম্প্রদায়ের ৬০ বছর বয়সী বৃদ্ধা মেনোকা রানী বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার বিকেলে মারা যাওয়ার পর প্রায় ২০ ঘণ্টা তার মরদেহ বসতঘরের বারান্দায় পড়ে ছিল। তিনি ওই গ্রামের গোপালের স্ত্রী।

পরিবারের সদস্যদের দাবি, তারা দীর্ঘদিন ধরে এক শতাংশ জমিতে বসবাস করছেন। মৃত্যুর পর শেষকৃত্যের জায়গা নিশ্চিত করতে কয়েক বছর আগে প্রতিবেশীর কাছ থেকে আরও জমি কেনা হয়েছিল। যদিও নামজারি জটিলতায় রেজিস্ট্রি সম্পন্ন হয়নি, তবে নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে জমির পুরো অর্থ পরিশোধ করা হয়েছে বলে স্বজনরা জানান। কিন্তু মেনোকা রানীর মৃত্যুর পর ওই জমিতে কবর খনন করতে গেলে প্রতিবেশী ছফর উদ্দিন ও তার পরিবারের সদস্যরা বাধা দেন।

ঘটনাটি নিয়ে দুপুর থেকে গভীর রাত পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও পুলিশের উপস্থিতিতে দফায় দফায় সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। তবে কোনো পক্ষই সমাধানে পৌঁছাতে পারেনি। দীর্ঘ সময় মরদেহ বারান্দায় রেখে অপেক্ষা করার পর কোনো উপায় না দেখে পরিবারের সদস্যরা বাড়ির পাশের ধানক্ষেতের কাদামাটিতেই তার শেষকৃত্য সম্পন্ন করেন।

ভুক্তভোগী বৃদ্ধার ছেলে শুবিন্দ বলেন, মায়ের মরদেহ নিয়ে সারারাত অপেক্ষা করেও কোথাও কোনো সমাধান পাননি তারা, শেষ পর্যন্ত ধানক্ষেতেই শেষকৃত্য করতে হয়েছে। অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে প্রতিবেশী ছফর উদ্দিন দাবি করেন, তিনি কোনো জমি বিক্রি করেননি, তাই তার জমিতে দাফনের প্রশ্নই ওঠে না।

মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক জানান, উভয় পক্ষকে বোঝানোর অনেক চেষ্টা করা হলেও সমাধান সম্ভব হয়নি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সমাধানের চেষ্টা করলেও জমি-সংক্রান্ত বিরোধের কারণে তা সম্ভব হয়নি এবং পরিবারকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন