চাঁদপুরের কচুয়া উপজেলায় এরশাদ উল্লাহ (৪৫) নামের এক অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৯ নম্বর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত এরশাদ উল্লাহ কচুয়া সদর ইউনিয়নের বদর গ্রামের পাটোয়ারী বাড়ির মো. শহীদ উল্লাহর ছেলে। তিনি তিন মেয়ে ও এক ছেলের জনক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, এরশাদ উল্লাহ অটোরিকশা চালিয়ে ও কৃষিকাজ করে সংসার চালাতেন। দুই বছর আগে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন এবং বিভিন্ন স্থানে তার চিকিৎসা চলছিল।
স্থানীয় ইউপি সদস্য ওবায়েদ মুন্সি জানান, বুধবার বাড়ি থেকে বের হওয়ার পর থেকে এরশাদ উল্লাহ আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা সড়কের পাশের একটি নারিকেল গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।





