কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকার সাগরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার ৩২ ঘণ্টা পর নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুববাজার সংলগ্ন সাগর উপকূলে মরদেহটি ভেসে আসে। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ও লাইফ গার্ড কর্মীরা তা উদ্ধার করে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
এর আগে গত মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে সাড়ে ৯টার দিকে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন সাগরে ভ্রমণের সময় নৌকাডুবির ঘটনা ঘটে। ওই সময় স্থানীয় জেলেরা নিখোঁজ কিশোরটির বাবা জন এডওয়ার্ড (৭৪), মা বেলা (৩৬) ও ভাই রালফকে (১৩) জীবিত উদ্ধার করতে সক্ষম হন। পরে তাদের কোস্টগার্ড কক্সবাজার স্টেশনে হস্তান্তর করা হয়। তারা সবাই নিউজিল্যান্ডের নাগরিক এবং একই পরিবারের সদস্য।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিউজিল্যান্ডের নাগরিক এই পরিবারটি নিজেদের তৈরি বোট নিয়ে কক্সবাজারে ঘুরতে এসেছিলেন। গত ৮ এপ্রিল রাতে মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপ উপকূলে জলদস্যুতার শিকার হওয়ার পর থেকে তারা কোস্ট গার্ডের হেফাজতে ছিলেন। কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, জীবিত উদ্ধার হওয়া তিন নিউজিল্যান্ডের নাগরিক বর্তমানে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে রয়েছেন।
কক্সবাজার সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানিয়েছেন, পরিবারটির অনেকের ভিসার মেয়াদ নেই এবং ছোট শিশু রালফের ভিসার কোনো কাগজপত্রও পাওয়া যায়নি। নৌকাডুবির ঘটনার পরপরই বিষয়টি ঢাকাস্থ নিউজিল্যান্ড দূতাবাসে অবহিত করা হয়। বুধবার বিকেলে দূতাবাসের সংশ্লিষ্ট লোকজন কক্সবাজারে পৌঁছেছেন। আইনি প্রক্রিয়া শেষে জীবিত নাগরিকদের দূতাবাসের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে কোস্টগার্ডের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।





