চট্টগ্রাম বন্দরের জলসীমায় শুক্রবার দুপুর ১২টা ২৫ মিনিটে একটি বড় ধরনের নৌ-দুর্ঘটনা ঘটেছে। ৩৩ হাজার মেট্রিক টন ডিজেলবাহী তেল ট্যাংকার 'এমটি সি স্পাইক'-এর সঙ্গে নোঙর করে থাকা 'এমভি সান শাইন' নামের একটি বাল্ক ক্যারিয়ারের মুখোমুখি সংঘর্ষ হয়। বন্দর কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা অনুযায়ী, তীব্র স্রোতের কারণে তেলবাহী জাহাজটি নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারায় এই দুর্ঘটনাটি ঘটে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সংঘর্ষের ফলে তেলবাহী জাহাজটির ইঞ্জিনকক্ষের বাঁ পাশের পেছনের অংশে প্রায় এক বর্গমিটার আয়তনের একটি ফাটল সৃষ্টি হয়েছে। ওই ফাটল দিয়ে পানি ঢুকে পড়লে জাহাজটিতে সাময়িকভাবে বিদ্যুৎ-বিপর্যয় দেখা দেয়। তবে জরুরি ব্যাটারির সহায়তায় জাহাজটির বেতার যোগাযোগব্যবস্থা বর্তমানে সচল রাখা হয়েছে। জাহাজটিকে স্থিতিশীল রাখতে দুটি নোঙর ফেলা হয়েছে এবং জোয়ার-ভাটার হিসাব অনুযায়ী ভাটার সময়েও জাহাজটি নিরাপদে ভেসে থাকার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, দুর্ঘটনার পর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। তিনি আরও জানান, সি স্পাইকের সব কার্গো ট্যাংক অক্ষত রয়েছে এবং কোনো তেল নিঃসরণের ঘটনা ঘটেনি। উদ্ধার ও সহায়তা কার্যক্রমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড অংশ নিয়েছে। বন্দরের টাগবোট 'কান্ডারি-৮' দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। একই সঙ্গে জাহাজে থাকা ডিজেল দ্রুত খালাসের জন্য শিপিং এজেন্ট 'প্রাইড শিপিং' এবং ফাটল মেরামতের জন্য একটি উদ্ধারকারী প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জাহাজের মাস্টারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে।





