ভোলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনায় ২ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার (৩১ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে ভোলার সদর উপজেলাধীন ইলিশা লঞ্চঘাট এলাকায় প্রবল ঢেউয়ের কবলে পড়ে একটি ছোট মাছ ধরার নৌকা নদীতে ডুবে যায়। খবর পাওয়ার পরপরই কোস্ট গার্ড স্টেশন ইলিশার একটি দল ঘটনাস্থলে বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে।
উদ্ধারকারী দল নৌকাটিতে থাকা ২ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়। পরবর্তীতে উদ্ধারকারী দল ডুবে যাওয়া নৌকাটিও উদ্ধার করে এবং জেলেদের তাদের পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করে। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভবিষ্যতে এ ধরনের জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।





