জ্বালানি ও ওষুধ নীতি নিয়ে উদ্বেগ জানাল সিটিজেন ইনিশিয়েটিভ

প্রকাশ:

জ্বালানি তেল আমদানি ও বিপণন খাতে বেসরকারি খাতের সম্প্রসারণ এবং অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত সাম্প্রতিক সরকারি নীতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিটিজেন ইনিশিয়েটিভ। সংগঠনটি জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে অর্থবহ আলোচনার মাধ্যমে এই নীতিগুলো পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে।

জ্বালানি খাতের বিষয়ে সিটিজেন ইনিশিয়েটিভ জানিয়েছে, তারা বেসরকারি খাতের অংশগ্রহণের বিরোধী নয়। তবে কার্যকর প্রতিযোগিতা ও শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকলে জ্বালানি খাত এক বা কয়েকটি প্রতিষ্ঠানের হাতে কুক্ষিগত হয়ে বেসরকারি মনোপলিতে পরিণত হতে পারে। এমনটি ঘটলে জ্বালানির দাম বৃদ্ধি ও সরবরাহ বিঘ্নিত হওয়ার পাশাপাশি জনদুর্ভোগ বাড়তে পারে এবং সরকারের ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি হওয়ার ঝুঁকি থাকে।

অন্যদিকে, ওষুধ খাতের নীতি পরিবর্তন নিয়েও সংগঠনটি তাদের উদ্বেগের কথা জানিয়েছে। ২০২৬ সালে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ২৯৫টি অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য নিয়ন্ত্রণের উদ্যোগ বাতিল করে পুরোনো ১১৭টি ওষুধের মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থায় ফিরে যাওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছে তারা। সিটিজেন ইনিশিয়েটিভের মতে, মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল হয়ে পড়লে জীবনরক্ষাকারী ওষুধের দাম বেড়ে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় বহুগুণ বেড়ে যেতে পারে, যা দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত জনগোষ্ঠীকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে।

সংগঠনটি আরও বলেছে, জ্বালানি ও ওষুধ—উভয় ক্ষেত্রেই বেসরকারি অংশগ্রহণের পাশাপাশি কার্যকর প্রতিযোগিতা, বাজার নজরদারি এবং জবাবদিহি নিশ্চিত করা জরুরি। যেকোনো ব্যবসায়ী গোষ্ঠী যাতে জনগণের মৌলিক প্রয়োজনকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা করতে না পারে, তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সিটিজেন ইনিশিয়েটিভ।

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১৪: ৫১আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১৪: ৫২

শেয়ার করুন