কড়াইল-সাততলা-ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন

প্রকাশ:

রাজধানীর কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তির বাসিন্দাদের জন্য একটি আধুনিক আবাসন প্রকল্প হাতে নিয়েছে সরকার। এই প্রকল্পে প্রায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই আগ্রহের কথা জানান।

বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, গুলশান এলাকা ও ঢাকা-১৭ নির্বাচনি এলাকার তিনটি বস্তিতে আধুনিক আবাসন গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় বর্তমান বস্তিবাসীদের পুনর্বাসন করা হবে এবং তারা কোনো ভাড়া ছাড়াই সেখানে বসবাস করতে পারবেন।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০ তলা বিশিষ্ট ভবনগুলোতে ছোট ছোট আবাসিক ইউনিট নির্মাণ করা হবে। প্রতিটি ইউনিটের আয়তন হবে প্রায় ৬০০ থেকে সাড়ে ৬০০ বর্গফুট। তবে আবাসনের বাসিন্দাদের বিদ্যুৎ, পানি ও অন্যান্য ইউটিলিটি ব্যবহারের খরচ নিজেদেরই বহন করতে হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রায় ১০ হাজার কোটি টাকার প্রস্তাব অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মাধ্যমে চীনের কাছে পাঠানো হয়েছে। চীনা পক্ষ পুরো প্রকল্পে একবারে অর্থায়ন করা সম্ভব না হলে পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে বিনিয়োগের আগ্রহ ব্যক্ত করেছে। বর্তমানে বস্তিগুলোতে বসবাসরত পরিবারগুলোর তালিকা তৈরির কাজ চলছে এবং পর্যায়ক্রমে সবাইকে এই আবাসনের আওতায় আনা হবে, কাউকে বঞ্চিত করা হবে না।

শেয়ার করুন