ভোলায় লুট হওয়া পিস্তলসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রকাশ:

ভোলার দৌলতখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে লুট হওয়া একটি পিস্তলসহ মো. নাহিদ নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নাহিদ চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজীবাড়ির আব্দুল মন্নান কাজীর ছেলে এবং তিনি ওই ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিব হাসান জানান, নাহিদের কাছে পিস্তল রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানে তার বসতঘর থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। এসআই রাকিব আরও জানান, জব্দ করা অস্ত্রটি চায়না টাইপ-৫৪ পিস্তল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ২০২৪ সালের ৫ আগস্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে লুট হওয়া অস্ত্র।

পুলিশ জানিয়েছে, পিস্তলটির নম্বর যাচাইয়ের জন্য পুলিশ সদর দপ্তরে পাঠানো হবে। এর মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে এটি ঠিক কোন টিম থেকে লুট হয়েছিল। এ ঘটনায় নাহিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন