৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ফাদার অব অল বোমস’ উন্মোচনের ঘোষণা দিলো ইরান

প্রকাশ:

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) ‘ফাদার অব অল বোমস’ নামে একটি নতুন শক্তিশালী অস্ত্র উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি এই ঘোষণা দিয়ে জানান, নতুন এই অস্ত্রটি শত্রুপক্ষের জন্য একেবারেই নতুন একটি অভিজ্ঞতা হতে যাচ্ছে। পরমাণু অস্ত্রের বাইরে প্রায় ৯ হাজার ৮০০ কেজি ওজনের এই বোমাটি মূলত মার্কিন অস্ত্রভাণ্ডারের সবচেয়ে বড় বিস্ফোরক হিসেবে পরিচিত। ২০১৭ সালের এপ্রিলে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে আফগানিস্তানে ইসলামিক স্টেটের (আইএস) একটি সুড়ঙ্গ আস্তানায় প্রথমবারের মতো এই বোমা ব্যবহার করা হয়েছিল।

হোসেইন মোহেব্বি দাবি করেন, ২০২৫ সালের জুনে ইসরায়েলের বিরুদ্ধে ১২ দিনব্যাপী যুদ্ধের পর ইরানের ক্ষেপণাস্ত্রের মজুদ আগের চেয়ে দেড় গুণ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে দেশের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির গুণগত মানেও ব্যাপক উন্নতি আনা হয়েছে। এখন ইরানের হাতে থাকা ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা, ধ্বংসাত্মক ক্ষমতা এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা বহুলাংশে বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের পরিবর্তনের কথা উল্লেখ করে আইআরজিসির এই মুখপাত্র বলেন, তেহরান তার সামরিক নীতিতে নতুন মাত্রা যোগ করছে। অতীতে ইরানের কৌশল কেবল আত্মরক্ষামূলক হলেও এখন তা পরিবর্তন করা হচ্ছে। তিনি স্পষ্ট জানান, এখন কোনো দেশ আক্রমণ চালালে ইরান কেবল তা প্রতিরোধ করবে না, বরং পাল্টা আক্রমণও শুরু করবে। শত্রুকে এমন শক্তি নিয়ে আঘাত করা হবে যাতে তারা ইরানের জবাবি হামলার তীব্রতা ও ভয়াবহতা পুরোপুরি উপলব্ধি করতে পারে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিল।

শেয়ার করুন