শনিবার দুপুরে চরফ্যাশনের ফাতেমা মতিন মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষা চলাকালীন একদল পরীক্ষার্থী হামলা ও ভাঙচুর চালিয়েছে। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সুযোগ না দেয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা গেছে। এই ঘটনায় কলেজ কমিটির সভাপতি হুমায়ুন কবির শিকদারসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ফাতেমা মতিন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু জানান, বরিশাল শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার আইসিটি বিষয়ের পরীক্ষায় চরফ্যাশন সরকারি কলেজের শিক্ষার্থীরা এই কেন্দ্রে অংশ নেন। তিনি অভিযোগ করেন, অধিকাংশ পরীক্ষার্থীর প্রস্তুতি ভালো না থাকা এবং কক্ষ পরিদর্শকরা অনৈতিক সহযোগিতা না করায় পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে হামলা চালায়। হামলাকারীরা কলেজের দুটি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ভবনের জানালা ও কপাট ভাঙচুর করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরীক্ষার্থীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ জানান, ঘটনার খবর পেয়ে তিনি চরফ্যাশন থানার ওসিকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। ওসি মাহমুদ আল ফরিদ ভূঁইয়া আরও জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি, তবে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।





