নতুন কোনো সম্পর্কে জড়ানোর পর অনেকেই দ্রুত আবেগপ্রবণ হয়ে পড়েন। সম্পর্কের শুরুতে দুই-তিনবার দেখা কিংবা কয়েকদিনের কথাবার্তার পরেই মনে হতে পারে যে, এই মানুষটিই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তবে সম্পর্কবিষয়ক পরামর্শক কেলসি ওয়ান্ডারলিনের মতে, নতুন প্রেমে পড়া স্বাভাবিক হলেও কিছু বিষয়ে সচেতন থাকা প্রয়োজন, যা সম্পর্ককে আরও স্বাস্থ্যকর ও দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে।
অনেকে নতুন প্রেমের নেশায় নিজের পড়াশোনা, কাজ কিংবা গুরুত্বপূর্ণ দায়িত্ব অবহেলা করে ফেলেন। প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানো আনন্দের হলেও ব্যক্তিগত লক্ষ্য ও দায়িত্ব থেকে সরে যাওয়া দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে। এছাড়া নতুন সম্পর্কের ক্ষেত্রে ঘণ্টার পর ঘণ্টা মেসেজ বা ফোনকলের পেছনে সময় না ব্যয় করে নির্দিষ্ট সময়ে কথা বলার অভ্যাস করা ভালো। এতে ব্যক্তিগত স্বাধীনতা ও সম্পর্কের ভারসাম্য বজায় থাকে।
সম্পর্কের শুরুতে তাড়াহুড়া না করে একে অপরকে ধীরে ধীরে জানার সুযোগ দেওয়া উচিত। সময় নিয়ে পরিচিতি বাড়লে সম্পর্কের ভিত্তি শক্ত হয় এবং ভুল বোঝাবুঝির সম্ভাবনা কমে। কেবল আকর্ষণ বা ভালো লাগার ওপর ভিত্তি করে সম্পর্ক টিকে থাকে না; বরং মূল্যবোধ, চিন্তাভাবনা, জীবনদর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনায় মিল থাকা জরুরি। মনের মিল না থাকলে সম্পর্কের স্থায়িত্ব কমে যেতে পারে।
কারও সুন্দর কথার ওপর অন্ধ বিশ্বাস না করে তার আচরণ, দায়িত্ববোধ এবং সম্পর্কের প্রতি আন্তরিকতা যাচাই করা বেশি গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের প্রতিশ্রুতির চেয়ে বর্তমানের আচরণই একজন মানুষের প্রকৃত পরিচয় তুলে ধরে। সবশেষে, সম্পর্কের শুরুটা রোমাঞ্চকর হলেও ধৈর্য, বাস্তবতাবোধ এবং পারস্পরিক বোঝাপড়াই একটি সম্পর্ককে সুন্দর ও দীর্ঘস্থায়ী করে তোলে।




