২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ থাকছেন কার্লো আনচেলত্তি

প্রকাশ:

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তাদের প্রধান কোচ কার্লো আনচেলত্তির ওপর পূর্ণ আস্থা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। সিবিএফ-এর নির্বাহী পরিচালক রদ্রিগো কায়েতানো নিশ্চিত করেছেন যে, ইতালিয়ান এই কোচ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর কায়েতানো জানান, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই আনচেলত্তিকে রাখা হচ্ছে। তিনি বলেন, আগামী বিশ্বকাপের প্রস্তুতির জন্য দলের স্থিতিশীলতা প্রয়োজন। কায়েতানোর মতে, শান্ত পরিবেশে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমেই দল সামনে এগিয়ে যাবে।

বিশ্বকাপ থেকে বিদায়ের ঘটনায় হতাশা প্রকাশ করলেও আনচেলত্তির কাজের ভূয়সী প্রশংসা করেছেন সিবিএফ কর্মকর্তা। তিনি বলেন, খেলোয়াড় ও কোচিং স্টাফ সবাই এই বিদায়ের কারণে কষ্ট পাচ্ছেন। তবে গত ৩৮ দিনে তারা যে পেশাদারিত্ব, নিষ্ঠা ও পরিশ্রম দেখিয়েছেন, তা অস্বীকার করার সুযোগ নেই। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সবাই শতভাগ নিবেদিত ছিলেন বলেও জানান তিনি।

কায়েতানোর ভাষ্যমতে, টুর্নামেন্ট যত এগিয়েছে, ব্রাজিলের পারফরম্যান্স ততই উন্নত হয়েছে, যে কারণে শেষ ষোলো থেকে বিদায় নেওয়াটা অনেক বেশি হতাশাজনক। উল্লেখ্য, ২০২৫ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের দায়িত্ব গ্রহণ করেন আনচেলত্তি। তার অধীনেই সেলেসাওরা বিশ্বকাপ বাছাইপর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছিল। শিরোপার স্বপ্ন পূরণ না হলেও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় অটল থেকে আনচেলত্তির নেতৃত্বেই নতুন করে দল গোছানোর কাজ শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

শেয়ার করুন