বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে কেপ ভার্দে। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই শ্বাসরুদ্ধকর ম্যাচে অতিরিক্ত সময়ে পরাজয় বরণ করলেও পুরো ১২০ মিনিট দাপটের সঙ্গে খেলে প্রশংসা কুড়িয়েছে আফ্রিকান দেশটি।
ম্যাচ শেষে কেপ ভার্দের কোচ বুবিস্তা তার শিষ্যদের পারফরম্যান্সে গর্ব প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে পুরো ১২০ মিনিট টিকে থাকা এবং দুইবার সমতায় ফিরে ম্যাচটি অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়া দেশের জন্য অত্যন্ত সম্মানের। তার মতে, এটি নিছক পরাজয় নয়, বরং একটি গৌরবের পরাজয়। তিনি আরও বলেন, আমার মনে হয় না অন্য কোনো দল আর্জেন্টিনার বিপক্ষে দুটি গোল করে ম্যাচটি অতিরিক্ত সময়ে নিতে পারত। আমি আমার দল ও পুরো কোচিং স্টাফকে নিয়ে গর্বিত। এই বিশ্বকাপে আমাদের লড়াইয়ের মানসিকতা বিশ্বমঞ্চে দেশের মর্যাদা ও পরিচয়কে আরও শক্তিশালী করেছে।
টুর্নামেন্ট থেকে বিদায়ের মুহূর্তে ড্রেসিং রুমের পরিবেশ নিয়ে কোচ জানান, সেখানে বিষাদ নেমে এসেছে এবং খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছিল। তবে তিনি এটিকে এগিয়ে যাওয়ার প্রক্রিয়া হিসেবে দেখছেন। কোচ বুবিস্তা বলেন, আমরা জয়ের খুব কাছাকাছি চলে এসেছিলাম, তাই এই দুঃখ স্বাভাবিক। তবে এই অভিজ্ঞতা খেলোয়াড়দের ভবিষ্যতে আরও উন্নতি করতে সাহায্য করবে।
উল্লেখ্য, এবারের বিশ্বকাপে শুরু থেকেই চমক দেখিয়েছিল কেপ ভার্দে। গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো শিরোপাজয়ী দলের বিপক্ষে ড্র করার পর সৌদি আরবের বিপক্ষে ড্র করে তারা শেষ বত্রিশে জায়গা করে নিয়েছিল। আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের এই পারফরম্যান্স ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


