প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার কলেবর বৃদ্ধি পেয়েছে। নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন পাঁচজন সদস্য। এর মধ্যে চারজন পূর্ণ মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তবে একজন প্রতিমন্ত্রী পদোন্নতি পেয়ে পূর্ণ মন্ত্রী হওয়ায় নতুন মুখের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার বর্তমান সদস্য সংখ্যা এখন ৫৩ জন। বর্তমানে মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রীর সংখ্যা ২৭ এবং প্রতিমন্ত্রীর সংখ্যা ২৫ জন।
বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণের পরপরই নতুন মন্ত্রীদের শপথ পড়ান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া সদস্যদের মধ্যে রয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়া বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের সময় মন্ত্রিসভার সদস্য ছিল ৫০ জন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টার মধ্যে পাঁচজন মন্ত্রী ও পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন, যাদের মধ্যে একজন উপদেষ্টা গতকাল প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
মন্ত্রিসভায় সাম্প্রতিক পরিবর্তনের আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান গত ১লা জুন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন। এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়নি।





