মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্রিকসের সদস্য দেশগুলো। শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলনে এক যৌথ বিবৃতিতে পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে—এমন সব পদক্ষেপ এড়িয়ে চলার পাশাপাশি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।
যৌথ বিবৃতিতে জোটটি উল্লেখ করেছে, মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ায় অব্যাহত উত্তেজনা বৃদ্ধিতে তারা গভীরভাবে উদ্বিগ্ন। বিবৃতিতে সদস্য দেশগুলোর নিজ নিজ জাতীয় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে এবং আত্মসংযম প্রদর্শনের ওপর জোর দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত মে মাসে নয়াদিল্লিতে ব্রিকসের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেছিলেন। ওই সময় মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলি বিমান হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধ নিয়ে সদস্য দেশ ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে মতপার্থক্য থাকায় কোনো যৌথ বিবৃতিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল জোটটি। তবে আয়োজক দেশ ভারতের জোরালো কূটনৈতিক প্রচেষ্টার ফলে শনিবারের শীর্ষ সম্মেলনে এই যৌথ বিবৃতি প্রকাশ করা সম্ভব হয়েছে।





