বিশ্বকাপ থেকে বিদায় নিলেও মোটা অংকের অর্থ পাচ্ছে ব্রাজিল

প্রকাশ:

বিশ্বকাপে হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামলেও শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। কার্লো আনচেলত্তির দলের এই বিদায় অপ্রত্যাশিত হলেও আর্থিক প্রাপ্তির দিক থেকে তারা খুব একটা হতাশ হচ্ছে না। ফিফার নির্ধারিত পুরস্কার কাঠামো অনুযায়ী, টুর্নামেন্ট থেকে মোটা অংকের অর্থ ঘরে তুলছে সেলেসাওরা।

ফিফার ঘোষণা অনুযায়ী, শেষ ষোলোতে জায়গা করে নেওয়া প্রতিটি দল প্রাইজমানি হিসেবে এক কোটি ৫০ লাখ মার্কিন ডলার করে পাচ্ছে। এর সঙ্গে বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের জন্য প্রতিটি দলকে অতিরিক্ত এক কোটি পাঁচ লাখ মার্কিন ডলার দেওয়া হচ্ছে। এই অর্থের মধ্যে ১৫ লাখ ডলার বরাদ্দ রাখা হয়েছে দলগুলোর প্রস্তুতি ব্যয়ের জন্য। সব মিলিয়ে শেষ ষোলো পর্যন্ত পৌঁছানোয় ব্রাজিলের মোট প্রাপ্তি দাঁড়িয়েছে দুই কোটি ৫৫ লাখ মার্কিন ডলার। প্রতি ডলারের বিনিময় মূল্য প্রায় ১২৪ টাকা ধরে হিসাব করলে এই অর্থের পরিমাণ বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩১৬ কোটি ২০ লাখ টাকা।

এবারের বিশ্বকাপে ফিফা মোট ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার পুরস্কার হিসেবে বিতরণ করছে, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় নয় হাজার ১৫ কোটি ৮০ লাখ টাকার সমান। এই অংক ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। টুর্নামেন্টের শিরোপাজয়ী দল পাবে পাঁচ কোটি মার্কিন ডলার বা প্রায় ৬২০ কোটি টাকা। এছাড়া রানার্সআপ দলের জন্য বরাদ্দ আছে প্রায় ৪৭৫ কোটি টাকা, তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ৪১৮ কোটি টাকা এবং চতুর্থ স্থান অধিকারী দলের প্রাপ্তি হবে প্রায় ৩৮৯ কোটি টাকা।

শেয়ার করুন