পরকীয়ার অভিযোগে বোয়ালমারীতে জামায়াত নেতার দলীয় পদ স্থগিত

প্রকাশ:

ফরিদপুরের বোয়ালমারীতে জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতাকে দলীয় পদ থেকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। ইনামুল মোল্লা (২৬) নামের ওই নেতার বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠায় মঙ্গলবার দুপুরে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইনামুল মোল্লা পৌরসভার কুশাডাঙ্গা গ্রামের মো. আকরাম মোল্যার ছেলে এবং বোয়ালমারী বাজারের মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালের একজন অভ্যর্থনাকারী।

স্থানীয় ও দলীয় সূত্র অনুযায়ী, কুশাডাঙ্গা গ্রামের কুটিপাড়া এলাকার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইনামুল মোল্লার দীর্ঘদিনের ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগ রয়েছে। সম্প্রতি এই কথিত সম্পর্কের বিষয়টি স্থানীয় পর্যায়ে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ইনামুল মোল্লার কর্মস্থল মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালের ম্যানেজার রেজাউল করিম জানান, দুই দিন আগে ওই নারীর প্রবাসী স্বামী তাকে ফোন করে বিষয়টি জানান এবং জানতে চান ইনামুল সম্পর্কে তিনি কিছু জানেন কি না। তবে তিনি এ বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে ইনামুল মোল্লার মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। এছাড়া তিনি কর্মস্থলেও অনুপস্থিত থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বোয়ালমারী পৌর জামায়াতে ইসলামীর আমির সৈয়দ নিয়ামুল হাসান জানিয়েছেন, অনৈতিক সম্পর্কের অভিযোগের প্রেক্ষিতে ইনামুলকে প্রাথমিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তিনি আরও বলেন, অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত শুরু হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে তার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারসহ সাংগঠনিক বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটি কেবল একটি অভিযোগ হিসেবেই বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন