ধ্বংসস্তূপ থেকে দেশ গড়ার দায়িত্ব বিএনপির ওপরই: মির্জা ফখরুল

প্রকাশ:

আওয়ামী লীগ যখনই দেশ ধ্বংস করে দেয়, তখন সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তোলার দায়িত্ব বিএনপির ওপরই পড়ে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডা: জুবাইদা রহমান এবং সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭৫ সালের পর জিয়াউর রহমান দেশকে গড়ে তুলেছিলেন এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়াও একই দায়িত্ব পালন করেছেন। আজ সেই দায়িত্ব এসে পড়েছে তাদেরই পুত্র, সবার প্রিয় তারেক রহমানের ওপর। তিনি বলেন, গত কয়েক মাসে তারেক রহমানের আচরণ, সরলতা এবং মিতব্যয়ী জীবনযাপন জনগণের সামনে ইতিবাচক প্রভাব ফেলেছে। তার নেতৃত্বে দেশ আবার ঘুরে দাঁড়াবে বলে তিনি বিশ্বাস করেন।

বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, যখন দেশ পুনর্গঠনের নতুন আন্দোলন শুরু হয়েছে, তখন একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এটি অত্যন্ত দুঃখজনক। তিনি অভিযোগ করেন, যখন সরকার পার্লামেন্টারি সিস্টেমের মাধ্যমে সমস্যার সমাধান করতে চায়, তখন সেই মহলটি রাজপথে নেমে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে।

মির্জা ফখরুল জোর দিয়ে বলেন, দেশের এই মুহূর্তে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। তারেক রহমানের নেতৃত্বে এমন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্য রয়েছে, যেখানে উন্নয়ন, মানবিক মর্যাদা ও সাম্যের সমাজ প্রতিষ্ঠিত হবে।

শেয়ার করুন