বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

প্রকাশ:

দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের লক্ষ্যে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন দল বিএনপি। বুধবার (২৬ আগস্ট) নয়াপল্টনে আয়োজিত দলের যৌথসভার শুরুতে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

রুহুল কবির রিজভী আরও জানান, সেপ্টেম্বরের উপযুক্ত সময়ে আরও দুটি কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে একটি উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি, যার নেতৃত্ব দেবেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের আরেক যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি জানান, এসবের বাইরেও বেশ কিছু কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে, যেগুলোর খসড়া দলীয় চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত করা হবে।

যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিববৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক ও সদস্য সচিব এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন