বিএনপির হাত ধরেই বাংলাদেশ সঠিক পথে ফিরে আসে: এমরান আহমদ

প্রকাশ:

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ বিভিন্ন সময় পথ হারালেও বারবার বিএনপির হাত ধরেই সঠিক পথ ফিরে পায়। ক্ষমতায় আসার পর থেকেই দলটি জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছে। শনিবার বিকেলে বিয়ানীবাজার উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমরান আহমদ চৌধুরী আরও বলেন, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের মানুষ বিএনপিকে ভালোবেসে ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করেছে। আগামী দুই বছরের মধ্যে এসব এলাকার জনগণের বহুল আকাঙ্ক্ষিত সকল রাস্তাঘাটের কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি জানান, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দেশপ্রেম, স্বাবলম্বিতা ও জাতীয়তাবাদের যে আদর্শ নিয়ে দলটির যাত্রা শুরু হয়েছিল, তা আজও বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের বড় ভরসাস্থল। এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও ত্যাগ বিএনপিকে মানুষের হৃদয়ে প্রিয় দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

পৌরশহরের ইউছুফ কমপ্লেক্সে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা এবং সভাটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন ও ফখরুল ইসলাম, তিলপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ নজির আহমদ, লাউতা ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল আহমদ, আলীনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন, শেওলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ওলিউর রহমান নাসির, দুবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল কিবরিয়া, জেলা যুবদলের সহ-তথ্য ও গবেষণা সম্পাদক সাকের মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফজাল আহমদ এবং ছাত্রদল নেতা বাবর আহমদ।

আলোচনা সভার পর বিয়ানীবাজার পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত একটি বর্ণাঢ্য র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন এমরান আহমদ চৌধুরী। পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা এই র‌্যালিতে পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, জেলা বিএনপি নেতা আবু নাসের পিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেনসহ অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। র‌্যালিশেষে তিনি একটি পথসভাতেও বক্তব্য রাখেন।

শেয়ার করুন