প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন বলে নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো: নজরুল ইসলাম।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এদিন সকালে বিদিশার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। এরপর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিকেলে আনুষ্ঠানিকতা শেষে তিনি কারাগার থেকে বেরিয়ে যান।
এর আগে গত ২৫ আগস্ট রাতে ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেফতার করা হয়। পরদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তীতে গত ৬ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে তিনি জামিন লাভ করেন।
উল্লেখ্য, ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে দায়ের করা এক মামলায় গত ২০ মে আদালত বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। এছাড়া তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। রায়ের দিন আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজার পরোয়ানা জারি করেছিলেন আদালত।
মামলাটির বাদী ঢাকার পল্লবী এলাকার ব্যবসায়ী এ কে এম মোশাররফ হোসেন সিকদার ২০০৮ সালের ২ ফেব্রুয়ারি গুলশান থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়, ২০০১ সালের ১০ জুলাই বারিধারায় একটি ফ্ল্যাটের জন্য বিদিশাকে ৭৫ লাখ টাকা দিয়েছিলেন মোশাররফ। ২০০২ সালের ১০ জুলাইয়ের মধ্যে ফ্ল্যাটটি হস্তান্তরের কথা থাকলেও তা করা হয়নি। পরবর্তীতে ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি বিদিশা ৭২ লাখ টাকার একটি চেক দিলেও পর্যাপ্ত অর্থ না থাকায় সেটি প্রত্যাখ্যাত (ডিসঅনার) হয়। ভুক্তভোগীর অভিযোগ, টাকা ফেরত বা ফ্ল্যাট হস্তান্তর না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ এবং একপর্যায়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।





