ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনে ক্ষুব্ধ বাইচুং ভুটিয়া

প্রকাশ:

ভারতের ক্রীড়ামহলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সাম্প্রতিক এক সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। আসন্ন ফিফা আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করে কোটি কোটি টাকা ব্যয়ে ব্রাজিলের বিপক্ষে একটি হাই-প্রোফাইল প্রীতি ম্যাচ খেলার যে সিদ্ধান্ত ফেডারেশন নিয়েছে, তাকে ‘ভুল অগ্রাধিকার’ বলে মন্তব্য করেছেন দেশটির কিংবদন্তি ফুটবলার বাইচুং ভুটিয়া। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে একই সময়ে ফিফা-স্বীকৃত আসিয়ান কাপ অনুষ্ঠিত হওয়ায় সূচির জটিলতায় ফেডারেশন আসিয়ান কাপ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এক সাক্ষাৎকারে নিজের ক্ষোভ প্রকাশ করে ভুটিয়া বলেন, ব্রাজিল যদি ভারতে কোনো ফ্রি ফ্রেন্ডলি ম্যাচ খেলত, তবে তাঁর কোনো আপত্তি থাকত না। কিন্তু দেশের ক্লাবগুলো যেখানে অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়াই করছে, সেখানে একটি প্রীতি ম্যাচের জন্য ৫০ থেকে ৭০ কোটি রুপি ব্যয় করাকে তিনি সম্পূর্ণ অযৌক্তিক ও অনুচিত বলে মনে করেন। ফেডারেশনের বর্তমান নেতৃত্ব সরকার ও ফুটবল সংশ্লিষ্টদের ভুল পথে পরিচালিত করছে বলে অভিযোগ তুলে তিনি প্রশ্ন রাখেন, যখন আইএসএল ক্লাবগুলো বন্ধের পথে এবং আই লিগের দলগুলো এন্ট্রি ফি জোগাতে হিমশিম খাচ্ছে, তখন এই বিশাল অর্থ খরচের যৌক্তিকতা কী?

বর্তমানে বাণিজ্যিক চুক্তির জটিলতা ও সরকারি হস্তক্ষেপে ঘরোয়া ফুটবল সংক্ষিপ্ত আকারে শুরু হলেও আর্থিক সংকট কাটেনি। উদাহরণস্বরূপ, জামশেদপুর এফসি থেকে টাটা স্টিলের সরে যাওয়া এবং চার্চিল ব্রাদার্সের মালিকানা মাত্র ১-২০০ রুপিতে হস্তান্তর হওয়ার কথা উল্লেখ করেন তিনি। ভুটিয়ার মতে, আসিয়ান কাপে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা সিঙ্গাপুরের মতো শক্তিশালী আঞ্চলিক দলগুলোর বিপক্ষে খেলা ভারতের জন্য প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা অর্জনের বড় সুযোগ ছিল। এছাড়া তিনি ইস্টবেঙ্গলের উদাহরণ টেনে বলেন, ক্লাবটি ভালো পারফর্ম করা সত্ত্বেও স্পনসর জটিলতায় ভুগছে। রাজ্য সরকার বা স্থানীয় পর্যায়ে ১০-২০ কোটি রুপি সহায়তা দিলে তারা চ্যাম্পিয়ন্স লিগে আরও শক্তিশালী দল নিয়ে নামতে পারত। তিনি দেশে স্থায়ী ফুটবল পরিকাঠামো গঠনের ওপর জোর দিয়েছেন।

শেয়ার করুন